• ঢাকা
  • |
Alifhostbd

এ বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ২৮টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন।

পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। রোববার মারা যাওয়া এই দুই ব্যক্তিসহ চলতি মৌসুমে হজ পালনকালে মৃত বাংলাদেশি হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্যানুযায়ী, সদ্য মৃত দুই হাজি হলেন নওগাঁর মো. আবদুল মজিদ এবং ঢাকার খিলগাঁওয়ের মো. শাহজাহান আলী। তাদের মধ্যে আবদুল মজিদ মদিনায় এবং শাহজাহান আলী মক্কায় মারা যান।

এখন পর্যন্ত মারা যাওয়া ৪১ জন বাংলাদেশি হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। স্থানভেদে তাদের মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং বাকি ১১ জনের মৃত্যু হয়েছে মদিনায়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে আগামী ৫ জুন পর্যন্ত আরও ১৯ হাজার ৬৩৮ জন হাজি দেশে ফিরবেন। এর মধ্যে সোমবার (১ জুন) সবচেয়ে বেশি ৫ হাজার ৬৯৮ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এছাড়া ২ জুন ৩ হাজার ২৫৪ জন, ৩ জুন ৪ হাজার ৫১৩ জন, ৪ জুন ৩ হাজার ২৪৮ জন এবং ৫ জুন ২ হাজার ৯২৫ জন হাজি দেশে ফিরবেন।

হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে অবশিষ্ট হাজিদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখেরও বেশি মুসল্লি পবিত্র এই হজ পালনে অংশ নিয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ