মুন্সিগঞ্জে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে একটি রান্নাঘরের নিচ থেকে মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সম্পত্তি সংক্রান্ত পারিবারিক কলহের জেরে হত্যার পর তাঁকে সেখানে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী নাজমা বেগম মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য আওলাদ হোসেনকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। আওলাদ হোসেন সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় দ্বিতীয় স্ত্রী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হন। তাঁর কোনো সন্ধান না পেয়ে ২৩ মে নিখোঁজের ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘদিন তাঁর খোঁজ না মেলায় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের ভায়রা খায়ের বেপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :