• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এপ্রিলে


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পারদ বেশ চড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়।

এদিকে আজ সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে এই তাপপ্রবাহের পরিধি আরও বিস্তারের আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, শুক্রবার (আজ) থেকে তাপপ্রবাহের পরিধি আরও বিস্তারের আভাস রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্যমতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। যা সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাময়িক স্বস্তি বয়ে আনতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত বুধবার এই পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্রের আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে এ মাসে। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বিদায়ী মার্চ মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 

কৃষি আবহাওয়ার বিষয়ে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। এ সময় দৈনিক গড়ে ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা সূর্যকিরণ পাওয়া যেতে পারে এবং বাষ্পীভবন হতে পারে ৩.০ থেকে ৫.০ মিলিমিটার।  

আলোচিত শীর্ষ ১০ সংবাদ