ভোলায় তোফায়েল আহমেদের জানাজা মঙ্গলবার দুপুরে
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের মৃত্যুতে ভোলা সদরসহ পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১ মে) বিকেলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে গভীর শোক প্রকাশ করেন।
বিকেলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল হক বাহালুল মোল্লার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তার মাগফিরাত কামনা করা হয় এবং পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় (বাদ জোহর) ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় উপস্থিত নেতাকর্মীরা তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভোলার উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে অনন্য ভূমিকা রেখেছেন। তার এই প্রয়াণে জেলার রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।
নেতাকর্মীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, তোফায়েল আহমেদ শুধু একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন ভোলার মানুষের রাজনৈতিক অভিভাবক। তার মৃত্যুতে পুরো জেলা আজ অভিভাবকহীন হয়ে পড়েছে। শোকাহত নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন :