ইরানের ইউরেনিয়াম দখলে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কোনও চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান না বলেও জানিয়েছেন তিনি। তবে দুই দেশের মধ্যে সমঝোতা হলে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প।
সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়ার জন্য তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনও চুক্তির প্রয়োজন নেই বলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে এখনই সেটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেতে পারি। আমার মনে হয় না, আমরা চাইলে তারা আমাদের থামাতে পারবে। তবে এর কোনও প্রয়োজন নেই। এটা এখন চাপা পড়ে আছে।’
তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করার কোনও ইচ্ছা তার নেই। তবে একই সঙ্গে ট্রাম্প জানান, যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনও চুক্তি হয়, তাহলে দুই নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আর যদি এমনটা ঘটে, তাহলে আমি সম্মানজনক আচরণই করব।’
প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা এবং পারমাণবিক আলোচনা ঘিরে সমৃদ্ধ ইউরেনিয়াম এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও প্রক্রিয়াজাত করলে তুলনামূলক দ্রুত সময়ে অস্ত্রমানের উপাদানে রূপান্তর করা সম্ভব।
আর এ কারণেই ইরানের ইউরেনিয়াম মজুত, এর সমৃদ্ধকরণের মাত্রা এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা দুই পক্ষের যেকোনও সম্ভাব্য চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে।
অন্যদিকে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক তদারকির আওতায় পরিচালিত হচ্ছে। ইরান ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখতে চায়, যদিও তা আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে রাখার কথা বলেছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতীতে ইউরেনিয়াম বিদেশে স্থানান্তর, পাতলা করা বা অন্যভাবে নিষ্ক্রিয় করার বিভিন্ন প্রস্তাব দেয়া হয়েছে। ফলে সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্যই বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অন্যতম বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :