জাপানের পর নেপালেও ভারতীয় আম নিষিদ্ধ
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
জাপানের পর এবার প্রতিবেশী নেপালও ভারত থেকে আম এবং আরও কয়েকটি ফল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্য রাইজিং নেপাল-এর এক প্রতিবেদনে বলা হয়, পরিদর্শকরা আমদানিকৃত ফলের চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি রাসায়নিক কীটনাশকের উপস্থিতি শনাক্ত করেছেন। এরপরই নেপালের বালেন্দ্র শাহ সরকারের পক্ষ থেকে এই আকস্মিক নিষেধাজ্ঞা জারি করা হয়।
নেপালের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের আরোপিত এই বিধিনিষেধ গত এপ্রিল-মে মাস থেকেই কার্যকর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে আমের মৌসুমে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা দ্য রাইজিং নেপাল-কে জানিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়াই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের কিছুটা বিপাকে পড়েছেন।
তবে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্তকে দেশীয় ফল উৎপাদন উৎসাহিত করার একটি সুযোগ হিসেবে দেখছে। মধেস প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল দ্য রাইজিং নেপাল-কে বলেন, এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত ‘আরও স্বাস্থ্যকর ফলের’ জন্য বৃহত্তর সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘ফেডারেল সরকারের এই সিদ্ধান্ত স্থানীয় উৎপাদনকে আরও উৎসাহিত করবে এবং নাগরিকরা আরও স্বাস্থ্যকর ও নিরাপদ ফলমূল পাওয়ার সুযোগ পাবেন।’
এর আগে গত মাসে জাপানও ভারত থেকে আম আমদানি স্থগিত করেছিল। চলতি বছরের শুরুতে ভারতীয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলো পরিদর্শনের সময় জাপানের কর্মকর্তারা কীটপতঙ্গ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পান। প্রায় দুই দশকের মধ্যে এ ধরনের নিষেধাজ্ঞা এটিই প্রথম।
এর আগে ফলমাছি (ফ্রুট ফ্লাই) সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল জাপান। পরে ভারত নিজস্ব প্রক্রিয়াকরণ ব্যবস্থা উন্নত করার পর ২০০৬ সালে তা প্রত্যাহার করা হয়।
ভারত বিশ্বের বৃহত্তম আম উৎপাদক। দেশটিতে প্রতিবছর প্রায় ২ কোটি ৮০ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। রপ্তানিকারকদের আশঙ্কা, এসব নিষেধাজ্ঞা ভারতের কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর আস্থার সংকট তৈরি করতে পারে। এর ফলে অন্যান্য আমদানিকারক দেশগুলোর মধ্যেও উদ্বেগ সৃষ্টি হবে। সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :