যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান। উভয়পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। আর মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। এই চুক্তির ফলে সোমবার বিশ্ববাজারে কমেছে তেলের দাম। যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে নেমে আসে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দামের সঙ্গে যুক্ত ভূরাজনৈতিক ঝুঁকির অতিরিক্ত মূল্যায়ন এখন দ্রুত কমে যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন।
যুদ্ধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
ইরানের আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, আগামী শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, কোনও ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত থাকবে। পাশাপাশি ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।
আপনার মতামত লিখুন :