• ঢাকা
  • |
Alifhostbd

হাজারতম ম্যাচে ইতিহাস গড়ে জিতল জাপান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ইতিহাসে ১ হাজারতম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ে ফেলল জাপান। টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাসে এশিয়ার প্রথম দেশ হিসেবে ৪টি গোল করল তারা। যার সৌজন্যে হাজারতম ম্যাচে তারা পেল সহজ জয়।

এস্তাদিও মন্টেরিতে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ব্লু সামুইরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আয়াসে উএদা । বাকি দুই গোল করেন জুনিয়া ইতো ও দাইচি কামাদা। 

এই জয়ে 'এফ' গ্রুপ থেকে জাপানের নকআউট পর্বে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে গেল। দুই ম্যাচে তাদের এখন ৪ পয়েন্ট। আর দুই ম্যাচের দুটিই হেরে বিদায়ঘণ্টা বেজে গেল তিউনিসিয়ার। জাপানের সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। মাত্র ৪ মিনিটেই দাইচি কামাদার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় তারা। দ্রুত গোল হজম করে দিশেহারা হয়ে পড়ে তিউনিসিয়ার রক্ষণভাগ। মাঝমাঠ ও ডিফেন্সে ভুলের সুযোগ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় এশিয়ান দলটি।

প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে জাপান। ৩১ মিনিটে আয়াসে উয়েদা বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এর আগে ৯ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করলেও তিউনিসিয়ার গোলরক্ষক দলকে বড় বিপদ থেকে বাঁচান।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে জাপান। তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন জুনিয়া ইতো। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উয়েদা।

পুরো ম্যাচজুড়ে গতি, পাসিং এবং আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে জাপান। অন্যদিকে শুরুতেই দুই গোল খাওয়ার ধাক্কা সামলে আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। রক্ষণভাগের একাধিক ভুলই তাদের বড় ব্যবধানে পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়।

এই জয়ে এফ গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের পথে বড় অগ্রগতি করল জাপান। অপরদিকে টানা দুই হারে তিউনিসিয়ার বিশ্বকাপ যাত্রা কার্যত শেষ হয়ে গেছে, শেষ ম্যাচটি তাই এখন শুধুই আনুষ্ঠানিকতা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ