• ঢাকা
  • |
Alifhostbd

সতীর্থদের জন্য মেসির বিশেষ বিশ্বকাপ উপহার


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২০২৬ বিশ্বকাপ অভিযান শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ এবং ব্যক্তিগত উপহার দিয়েছেন লিওনেল মেসি। মার্কোস সেনেসির বান্ধবী কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের উপঢৌকন প্রকাশ্যে এনেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করে মেসির দেওয়া সোনালী রঙের ‘মেতে সেট’ সবাইকে দেখান।

আর্জেন্টিনা স্কোয়াডের জন্য বিশেষ উপহার
বিশ্বকাপের পর পুরো আর্জেন্টিনা দলকে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তৈরি ‘মেতে সেট’ উপহার দেন মেসি। সেনেসি জাতীয় দলের ক্যাম্প থেকে বাড়ি ফেরার পর বাওয়ার্স অনলাইনে ভিডিও শেয়ার করে বিষয়টি সামনে আনেন।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফি এবং সেনেসির নাম খোদাই করা একটি বাদামী ব্যাগ হাতে নিয়ে বাওয়ার্স ভিডিওতে বলেন, ‘তোমাদের চমৎকার একটি জিনিস দেখাতে হচ্ছে। এটি দেখলে তোমরা অনেক খুশি হবে। মার্কোস ক্যাম্প থেকে এই ব্যাগটি এনেছে, যেখানে তাঁর নামও লেখা আছে। এটি তাঁর মেতে সেট। মেসি দলের সব খেলোয়াড়কে এই উপহারটি দিয়েছেন।’

মেতে সেটের খুঁটিনাটি 
সেই কাস্টমাইজড ব্যাগের ভেতরে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ড লোগো সংবলিত একটি সোনালী স্ট্যানলি থার্মোস ফ্লাস্ক, সাথে একটি মেতে কাপ, এক প্যাকেট ইয়েরবা এবং চামচসহ একটি ধাতব স্ট্র।

উল্লেখ্য, মেতে হচ্ছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত জনপ্রিয় ক্যাফেইনসমৃদ্ধ একটি ভেষজ পানীয়। যা গরম পানিতে শুকনো ‘ইয়েরবা মেতে’ পাতা ভিজিয়ে ঐতিহ্যগতভাবে তৈরি করা হয়।

বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পরই মেসির পক্ষ থেকে এই ভালোবাসার নিদর্শনটি এলো। উত্তেজনাপূর্ণ ফাইনালে ফেরান তোরেসের ১০৬ মিনিটের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

সেনেসি-বাওয়ার্সের ফুটবল যাত্রা
পেশাদার ফুটবলের শীর্ষস্তরে সেনেসি নিজের অবস্থান ধরে রাখার লড়াই চালালেও বাওয়ার্সেরও রয়েছে ফুটবলের শক্ত ব্যাকগ্রাউন্ড। চেলসি ও সাউদাম্পটনের একাডেমিতে বেড়ে ওঠার পর তিনি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে কলেজ ফুটবল খেলেছেন।

পরবর্তীতে যুক্তরাজ্যে ফিরে বোর্নমাউথে যোগ দেন বাওয়ার্স। আর সেখানেই এই সেন্টার-ব্যাকের সঙ্গে তাঁর পরিচয়। সম্প্রতি বোর্নমাউথ ছেড়ে ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দিয়েছেন সেনেসি। ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুমকে সামনে রেখে রবার্তো দে জের্বির অধীনে নর্থ লন্ডন ক্লাবটিতে ৪ বছরের চুক্তিতে সই করেছেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ