অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র হয়েছে। মালয়েশিয়া আজ কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত এই ড্রয়ে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে শক্তিশালী সিরিয়া, উজবেকিস্তান এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানের মাটিতে সেন্ট্রালাইজড লিগ পদ্ধতিতে এই বাছাইপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে।
এই ড্রয়ের ফলে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা আবারও এক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। গত এপ্রিলেই মালদ্বীপের মালেতে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মাত্র কয়েক মাসের মাথায় এবার এশিয়ার মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
চীনের মূল পর্বের টিকিট পাওয়াটা বাংলাদেশের যুবাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। গ্রুপের অন্যতম পরাশক্তি উজবেকিস্তান কেবল শক্তিশালী দলই নয়, ঘরের মাঠে তারা নামবে স্পষ্ট ফেবারিটের তকমা নিয়ে। অন্যদিকে, শারীরিক শক্তি আর গতিশীল ফুটবলের পসরা সাজানো সিরিয়াও বাংলাদেশের তরুণদের কঠিন পরীক্ষা নেবে।
এবারের বাছাইপর্বে মূল পর্বে ওঠার সমীকরণে বেশ কিছু নতুন নিয়ম এনেছে এএফসি। ‘কোয়ালিফিকেশন ফেজ’-এ অংশ নেওয়া ৩২টি দলকে ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি চলে যাবে ২০২৭ সালের মার্চ-এপ্রিলে চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে। আর তাদের সঙ্গী হতে বাকি দলগুলোকে লড়তে হবে সেরা সাতটি রানার্স-আপ দলের একটি হওয়ার জন্য।
নতুন এই নিয়মের সবচেয়ে কঠিন দিক হলো ‘রেলিগেশন’ বা অবনমন ব্যবস্থা। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের একদম নিচে বা তলানিতে থাকবে যে দল, তাদের পরবর্তী আসরে অংশ নিতে হবে ‘ডেভেলপমেন্ট ফেজ’ বা উন্নয়ন পর্বে।
আপনার মতামত লিখুন :