সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
অতীতে আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকাসহ শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে; এমন নারী নেত্রীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে আজ রোববার এসব কথা জানান তিনি।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্য দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক মেধার ভিত্তিতেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তৃতীয় দিনেও সকাল থেকে বিভিন্ন তৃণমূল থেকে নারী নেত্রীরা ফরম সংগ্রহ করছেন।
এসময় গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে সংগীতশিল্পী কনক চাপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এলে তৃণমূল পর্যায়ের কিছু নারী নেত্রীর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকা খ্যাতিকে মূল্যায়ন করা হয়। তবে এ ঘটনায় যারাই খারাপ আচরণ করেছেন, তা গ্রহণযোগ্য নয়।
ফরম বিক্রির তৃতীয় দিনেও বিকাল ৪ টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। গত দুই দিনে সংরক্ষিত আসনে ১০২৫টি ফরম বিক্রি হয়েছে।
আপনার মতামত লিখুন :