আরও দুই ফুটবলার আসছেন বাফুফের ক্যাম্পে
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইব্রাহীম, রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের দলে ভেড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের নিয়ে শিরোপাও ধরে রাখে বাংলাদেশ। এবার লক্ষ্য এশিয়ান মঞ্চে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করা
সামনে এএফসি বাছাই টুর্নামেন্ট। দলের শক্তিমত্তা বাড়াতে দেশের বাইরে খেলা ফুটবলারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বাফুফে। এরই ধারাবাহিকতায় এবার যোগ দিতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। আজ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
আগস্টে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি রয়েছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে বলেছে যে, আগস্টের শেষে যে এএফসি প্রতিযোগিতা হবে, সেই ক্যাম্পে তারা তাঁকে চায়।’ ১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাসের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল ও বার্নলি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।
সেন্টারব্যাক জিদান ইউসুফ সম্পর্কে ফাহাদ করিম বলেন, ‘জিদানের পাসপোর্টের কাজ সব শেষ। আমরা তাঁকে অনূর্ধ্ব-২০ ক্যাম্পে ডাকব—তাঁকে তা আমরা বলে দিয়েছি। বিশ্বাস করি, আমাদের এখন একটা খুব ভালো অনূর্ধ্ব-২০ দল আছে, সেখানে অ্যাডাম এবং জিদানের যুক্ত হওয়া আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’
১৮ বছর বয়সী ও ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ইংলিশ ক্লাব ওয়ালটন এন্ড হেরস্যাম এফসির মূল দলে খেলছেন।
আপনার মতামত লিখুন :