ওলটপালট ইতালিয়ান ফুটবল, পদত্যাগ মালদিনি-লিওনার্দোর
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ইতালিয়ান ফুটবলে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। সোমবার রাতে এমন খবর দিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালিয়া।
বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলকে পুনর্গঠনের লক্ষ্যে গত ১১ জুলাই এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পান মালদিনি। তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ব্রাজিলের সাবেক ফুটবলার লিওনার্দো।Soccer
তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মধ্যে দুজনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই পদত্যাগের সিদ্ধান্ত এসেছে মূলত আন্দ্রেয়া পিরলোর কোচ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার কারণে।
গত মার্চে জেন্নারো গাত্তুসো বিদায় নেওয়ার পর থেকেই নতুন কোচের খোঁজে ছিল ইতালি। কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি নিজেই উদ্যোগী হয়ে পিরলোকে রাজি করিয়ে ছিলেন। কিন্তু রোববার সন্ধ্যায় ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো হঠাৎ করে সব আলোচনায় জল ঢেলে দেন। তাঁর এক ফোনেই বাতিল হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া।
মূলত রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক এবং সংযুক্ত আরব আমিরাতের রুশ ধনকুবের সের্গেই লোমাকিনের মালিকানাধীন ইউনাইটেড এফসির কোচ হওয়ায় তার নিয়োগ নিয়ে তীব্র আপত্তি ওঠে।
তবে এসব সম্পর্কের কোনো রাজনৈতিক ব্যাখ্যা মানতে রাজি নন পিরলো। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যে পেশাদার সহযোগিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াসংক্রান্ত। এর সঙ্গে রাজনৈতিক অর্থ খোঁজা ঠিক নয়। আমার ওপর এমন বিশ্বাস আরোপ করা হচ্ছে, যা আমি কখনো প্রকাশ করিনি এবং যা আমার নয়।’
মালদিনি ও লিওনার্দোর আকস্মিক পদত্যাগে ইতালিয়ান ফুটবলের পুনর্গঠন পরিকল্পনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
আপনার মতামত লিখুন :