রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
দিনের শুরুতে রিয়াল মাদ্রিদের পরাজয়ে বড় সুযোগ চলে আসে বার্সেলোনার সামনে। তা কাজে লাগাতে কোনো ভুল করেনি কাতালান জায়ান্টরা। শেষ দিকের গোলে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে ক্লাবটি।
মেট্রোপলিটানোয় শনিবার রাতের ম্যাচে আতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। অথচ প্রথমে গোল হজম করে পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা।
পরে মার্কাস রাশফোর্ড ও রবার্ট লেওয়ানডফস্কির গোলে পূর্ণ ৩ পয়েন্ট পায় বার্সা।
এই জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তাদের নিচে রিয়াল। আর ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট পাওয়া আতলেটিকো আছে ৪ নম্বরে।
আক্রমণ-পাল্টা আক্রমণ ও গতিময় ফুটবলে সাজানো ম্যাচে ছিল তুমুল উত্তেজনা। সব মিলিয়ে দাপট দেখিয়েই খেলে বার্সেলোনা। প্রায় ৬৯ শতাংশ সময় বলের দখল রেখে ২৩টি শট করে তারা। এর ৯টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ৬ শটের ২টি লক্ষ্যে রাখতে পারে আতলেটিকো।
তবে ম্যাচের প্রথম গোলটি করে আতলেটিকোই। ম্যাচের শুরু থেকে একের পর সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। খেলার ধারার বিপরীতে ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে লিড নেয় স্বাগতিকরা।
দুই মিনিট পরই অবশ্য সমতা ফিরিয়ে আনে বার্সেলোনা। দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর চমৎকার ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন রাশফোর্ড।
এরপর হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। একসঙ্গে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার ফের্মিন লোপেস এবং আতলেটিকোর নাহুয়েল মোলিনা ও কোকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের মাঝেই লামিন ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন আতলেটিকোর নিকো গনসালেস।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় দিয়েগো সিমিওনের শিষ্যদের। বিরতির পর প্রথম মিনিটে লাল কার্ড দেখেন বার্সেলোনার জেরার্ড মার্টিনোও। তবে ভিএআর দেখে সেটি বদলে হলুদ কার্ড দেখানো হয়।
একজন কম নিয়ে খেলেও লম্বা সময় বার্সাকে আটকে রাখতে সক্ষম হয় আতলেটিকো। ৭৯ মিনিটে বদলি নেমে ম্যাচের ফল নির্ধারিত করে দেন লেওয়ানডফস্কি। ৮৭ মিনিটের মাথায় তার গোলেই পূর্ণ ৩ পয়েন্ট পায় বার্সেলোনা।
আপনার মতামত লিখুন :