• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

যে দুই শক্তি পরীক্ষায় দীর্ঘায়ুর ইঙ্গিত মেলে


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মানুষের হাতের গ্রিপ শক্তি বা মুঠোর শক্তি যে সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত—এ তথ্য অনেকেরই জানা। এটি মানুষের বার্ধক্যের অবস্থা, শারীরিক শক্তি, হাড়ের ঘনত্ব, মস্তিষ্কের কার্যক্ষমতা, ঘুমসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

সম্প্রতি জামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত এক নতুন গবেষণায় ৬৩ থেকে ৯৯ বছর বয়সী পাঁচ হাজারেরও বেশি নারীর ওপর এই বিষয়টি বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা হয়েছে, হাতের গ্রিপ শক্তি এবং ‘সিট-টু-স্ট্যান্ড’ অর্থাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সক্ষমতা মৃত্যুঝুঁকির সঙ্গে কীভাবে সম্পর্কিত।

আট বছর ধরে অংশগ্রহণকারীদের অনুসরণ করার পর গবেষকরা দেখতে পান, যারা এই দুই পরীক্ষাতেই ভালো ফল করেছেন, তাদের পরবর্তী বছরগুলোতে মৃত্যুঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল।

কীভাবে শক্তি মাপা হয়েছিল
গ্রিপ শক্তি কিলোগ্রামে মাপা হয়। ‘হ্যান্ড ডায়নামোমিটার’ নামের একটি যন্ত্র চেপে ধরার সময় যত বেশি চাপ প্রয়োগ করা যায়, কিলোগ্রামের মান তত বেশি হয়।

গবেষণায় দেখা গেছে, গ্রিপ শক্তি পরীক্ষায় প্রতি অতিরিক্ত সাত কিলোগ্রাম শক্তি বৃদ্ধির সঙ্গে গড়ে প্রায় ১২ শতাংশ কম মৃত্যুঝুঁকি ছিল।

অন্যদিকে ‘আনঅ্যাসিস্টেড সিট-টু-স্ট্যান্ড’ পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো সহায়তা ছাড়া চেয়ারে বসা অবস্থা থেকে যত দ্রুত সম্ভব দাঁড়াতে বলা হয়। গবেষকরা পাঁচবার এভাবে দাঁড়ানোর সময় কত সেকেন্ড লাগে তা মাপেন।

গবেষণায় যুক্ত ইউনিভার্সিটি অব বাফেলো’র গবেষকদের ভাষ্য অনুযায়ী, ‘চেয়ার থেকে ওঠার ক্ষেত্রে যারা সবচেয়ে কম সময় নিয়েছেন, তাদের মৃত্যুহার প্রায় ৪ শতাংশ কম দেখা গেছে।’

কেন শক্তি দীর্ঘায়ুর সঙ্গে যুক্ত?
গবেষণার প্রধান লেখক ড. মাইকেল লা-মন্তে বলেন, ‘যদি কারও চেয়ার থেকে ওঠার মতো যথেষ্ট পেশিশক্তি না থাকে, তাহলে হাঁটার মতো অ্যারোবিক কার্যকলাপ করা কঠিন হয়ে পড়ে। আর হাঁটা হলো যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে সবচেয়ে সাধারণ অবসরকালীন শারীরিক কার্যক্রম।’

তিনি আরও বলেন, ‘পেশিশক্তি মূলত শরীরকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে সহায়তা করে, বিশেষ করে যখন মাধ্যাকর্ষণের বিরুদ্ধে চলতে হয়। যখন আমরা আর চেয়ার থেকে উঠে চলাফেরা করতে পারি না, তখনই প্রকৃত সমস্যার শুরু।’

বয়স বাড়লেও কীভাবে শক্তি বজায় রাখা যায়
গবেষণাটি ইঙ্গিত দেয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশিশক্তি ধরে রাখা সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। গবেষকদের মতে, ‘সুস্থভাবে বার্ধক্যে পৌঁছাতে হলে পর্যাপ্ত পরিমাণ অ্যারোবিক ব্যায়াম এবং পেশি শক্তিশালী করার শারীরিক কার্যক্রম—উভয়ই করা সবচেয়ে ভালো উপায়।’

তবে এর জন্য প্রতিদিন ভারী ওজন তোলা জরুরি নয় বলে মনে করেন ড. লা-মন্তে। তিনি বলেন, ‘সুপের ক্যান বা বইয়ের মতো সাধারণ জিনিসও প্রতিরোধমূলক ব্যায়াম হিসেবে ব্যবহার করা যায়। এগুলো পেশিকে উদ্দীপিত করে এবং যাদের জন্য অন্য বিকল্প সম্ভব নয়, তারাও এভাবে ব্যায়াম করতে পারেন।’ সূত্র: হাফিংটন পোস্ট

আলোচিত শীর্ষ ১০ সংবাদ