প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময়
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 5, 2026 ইং
‘ইস্টার সানডে’ উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিরা খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
খ্রিস্টধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ইস্টার সানডে বা পবিত্র রোববার হলো যিশু খ্রিস্টের পুনরুত্থানের দিন। এটি খ্রিস্টীয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে, ‘এ দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলো। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার দিন তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন। মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন।’
তাই গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন অত্যন্ত উৎহ ও উদ্দীপনার সঙ্গে এই দিনটা পালন করে থাকেন। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো, যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূল বাণী।
আপনার মতামত লিখুন :