উইম্বলডন থেকেও ছিটকে গেলেন আলকারাজ
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
সময়টা ভালো যাচ্ছে না কার্লোস আলকারাজের। চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর এবার উইম্বলডন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই স্প্যানিশ তারকা।
এপ্রিলের মাঝামাঝিতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে খেলার সময় ডান হাতের কবজিতে চোট পান আলকারাজ। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় মাদ্রিদ ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইতালিয়ান ওপেন থেকে গত মাসে নাম প্রত্যাহার করেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়ায় এবার উইম্বলডন এবং এর ওয়ার্ম-আপ টুর্নামেন্ট কুইন্স ক্লাব থেকে সরে দাঁড়িয়েছেন।
২০২৩ ও ২০২৪ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবেই চলছে এবং আমি আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছি। দুর্ভাগ্যবশত, খেলার জন্য আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই। আর এই কারণেই কুইন্স ক্লাব এবং উইম্বলডনের মতো গ্রাস-কোর্ট টুর্নামেন্টগুলো থেকে আমাকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।‘
২৩ বছর বয়সী আলকারাজ ইতোমধ্যে সাতটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এপ্রিলে বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করার পর থেকে আর কোর্টে নামেননি।
গত মাসে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে আলকারাজকে কবজিতে ব্যান্ডেজ পরা অবস্থায় দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানে তিনি ২০২৬ সালের সেরা আন্তর্জাতিক ক্রীড়াবিদ হিসেবে ভূষিত হন। সেখানে আলকারাজ বলেছিলেন, ‘আমি একটু দেরিতেই ফিরব, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে চাই। নিজের যত্ন নেওয়াটা এখন সবচেয়ে জরুরি, কারণ আমি দীর্ঘ ক্যারিয়ার গড়তে চাই।‘
আলকারাজের অনুপস্থিতি বিশ্বজুড়ে টেনিস সমর্থক ও সম্প্রচারকারীদের জন্য বড় ধাক্কা। ইতালীয় তারকা ইয়ানিক সিনারের সঙ্গে তাঁর দ্বৈরথ এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
গত বছর ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক ফাইনালে সিনারকে হারিয়ে আলকারাজ শিরোপা জিতেছিলেন। পরবর্তীতে উইম্বলডনে পাশা উল্টে দিয়ে আলকারাজকে হারিয়ে শিরোপা নিজের করে নেন সিনার।
২০২৬ সালের শুরুটা আলকারাজের জন্য ছিল রূপকথার মতো। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন।
টানা দুটি বড় টুর্নামেন্টে খেলতে না পারায় এটিপি র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে যেতে পারেন আলকারাজ। যদিও র্যাঙ্কিংয়ের চেয়ে চোট পুরোপুরি সারিয়ে তোলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই স্প্যানিশ তারকা।
আলকারাজের অনুপস্থিতির কারণে এবার উইম্বলডনে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইয়ানিক সিনারই এককভাবে ফেভারিট হিসেবে মাঠে নামবেন। আগামী রোববার থেকে রোলাঁ গারোতে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের মূল পর্ব, আর উইম্বলডনের আসর বসবে ২৯ জুন থেকে।
আপনার মতামত লিখুন :