টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 25, 2026 ইং
টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই ওই রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
এদিকে, নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে প্রশাসন। তারা সকলেই নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাবোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস বাকি নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম- পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :