দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দল ঘোষণা
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ হুগো ব্রোস। বুধবার ঘোষিত সেই ২৬ সদস্যের দলে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি এমন দুই ডিফেন্ডারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে স্থান পেয়েছেন ৩৬ বছর বয়সী প্লেমেকার থেম্বা জোয়ানে।
কোচ হুগো ব্রোসের ২৬ সদস্যের এই দলের ১৯ জন খেলোয়াড়ই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে খেলেন। তাঁর স্কোয়াডে চমক খুব কমই দেখা গেছে। তিনি মূলত সেইসব খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন যাঁরা দীর্ঘ ১৬ বছর পর দক্ষিণ আফ্রিকাকে বৈশ্বিক আসরে খেলার টিকিট এনে দিয়েছেন।
২২ বছর বয়সী সেন্ট্রাল ব্যাক ওলওয়েথু মাখানিয়া (আনক্যাপড) মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলে থাকেন। একসময় নিউক্যাসেল ইউনাইটেডের একাডেমিতে থাকা ২৫ বছর বয়সী ব্র্যাডলি ক্রস (আনক্যাপড) বর্তমানে স্থানীয় সোয়েতো অঞ্চলের ক্লাব কাইজার চিফসের হয়ে লেফট-ব্যাক হিসেবে খেলছেন।
বাছাইপর্বের ম্যাচগুলোতে এই দুজনের কেউই দলে ছিলেন না। তবে ডিফেন্সে শক্তি বৃদ্ধির তাগিদ থেকেই তাঁদের দলে নেওয়া হয়েছে। নিয়মিত লেফট-ব্যাক অব্রে মোদিবাকেও দলে রাখা হয়েছে। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত রবিবার মামেলোডি সানডাউনসের হয়ে ক্যাফ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি তিনি মিস করেছিলেন।
দল ঘোষণা করে ব্রোস বলেন, “আমি জানি আজ রাতে যে খেলোয়াড়দের দল থেকে বাদ পড়তে হয়েছে তারা ভীষণ হতাশ হবে। কিছু সিদ্ধান্ত নেওয়া সত্যিই খুব কঠিন ছিল। আমি আশা করি আমি সঠিক খেলোয়াড়দেরই বেছে নিয়েছি।”
দক্ষিণ আফ্রিকা এর আগে তিনবার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে, যার মধ্যে ১৯৯৮ সালে তাদের অভিষেক ঘটে। এরপর তারা ২০০২ সালে যোগ্যতা অর্জন করে এবং ২০১০ সালে টুর্নামেন্টটি এককভাবে আয়োজন করে। তবে প্রতিবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
গোলকিপার: রনওয়েন উইলিয়ামস (মামেলোডি সানডাউনস), রিকার্ডো গস (সিওয়েলেলে), সিফো চেইন (অরল্যান্ডো পাইরেটস)।
ডিফেন্ডার: খুলিসো মুদাউ, অব্রে মোদিবা, খুলুমানি এনদামানে (সবাই মামেলোডি সানডাউনস), ওলওয়েথু মাখানিয়া (ফিলাডেলফিয়া ইউনিয়ন, যুক্তরাষ্ট্র), ব্র্যাডলি ক্রস (কাইজার চিফস), থাবাং মাতুলুদি (পোলোকওয়ানে সিটি), এনকোসিনাথি সিবিসি, কামোগেলো সেবেলেবেলে (উভয়ই অরল্যান্ডো পাইরেটস), ইমে ওকোন (হ্যানোভার ৯৬, জার্মানি), সামুকেলে কাবিনি (মোল্ডে এফকে, নরওয়ে), ম্বেকেজেলি ম্বোকাজি (শিকাগো ফায়ার, যুক্তরাষ্ট্র)।
মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, জেইডেন অ্যাডামস (উভয়ই মামেলোডি সানডাউনস), থ্যালেন্তে এমবাথা (অরল্যান্ডো পাইরেটস), স্পেফেলো সিথোল (তন্ডেলা, পর্তুগাল)।
ফরোয়ার্ড: অসভিন আপোলিস, শ্বেপাং মোরেমি, এভিডেন্স মাকগোপা, রেলেবোহিলে মোফোকেনগ (সবাই অরল্যান্ডো পাইরেটস), লাইল ফস্টার (বার্নলি, ইংল্যান্ড), ইকরাাম রেইনার্স, থেম্বা জোয়ানে (উভয়ই মামেলোডি সানডাউনস), থাপেলো মাসেকো (এইএল লিমাসল, সাইপ্রাস)।
আপনার মতামত লিখুন :