পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এতে বলা হয়, ডিএমপির ডিবির গুলশান বিভাগে এডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরীমণির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদ্যাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। পিএসসিও তার বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড আরোপ করা যেতে পারে বলে মত দেয়।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন রাজধানীর অদূরে অবস্থিত সাভারের বিরুলিয়ার বোট ক্লাবের ঘটনার পর চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে অভিযোগ এনে মামলা করা হয়। মামলা দায়েরের পরদিন আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন তার কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পরীমণিকে। আর তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। তারপর দু’জনের মধ্যে যোগাযোগ হতে থাকে। নিয়মিত তার বাসায় যাওয়া-আসা করতে থাকেন গোলাম সাকলায়েন। এছাড়া দু’জন মাঝে মধ্যে গাড়ি নিয়ে বেরও হতেন।
সূত্রের তথ্য অনুযায়ী, সবশেষ পরীমণি গোলাম সাকলায়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাতে গ্রেপ্তার হওয়ার পর সবকিছু অকপটে স্বীকারও করেন এ নায়িকা।
আপনার মতামত লিখুন :