• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

বিশ্বকাপে পানির বোতল নিয়ে ঢোকা যাবে না স্টেডিয়ামে


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিরাপত্তাঝুঁকির কারণে স্টেডিয়ামের ভেতর পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। শেষ মুহূর্তে স্টেডিয়ামের আচরণবিধিতে বড় ধরনের এই পরিবর্তন আনা হয়েছে। অথচ গত মাস পর্যন্ত ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ ১ লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে ঢোকার অনুমতি ছিল।

 বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাটি বৃহস্পতিবার (৪ জুন) জানিয়েছে, গত মঙ্গলবার থেকে কার্যকর হওয়া সংশোধিত আচরণবিধিতে এই সুবিধা বাতিল করা হয়েছে। খেলোয়াড় বা দর্শকদের লক্ষ্য করে বোতল ছুড়ে মারার কারণে যে ধরনের চোট বা দুর্ঘটনার ঝুঁকি থাকে, তা এড়াতেই বোতল, কাপ, জার এবং ক্যানের পাশাপাশি এই পুনর্ব্যবহারযোগ্য বোতলগুলোও নিষিদ্ধ করা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও স্টাফসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সম্ভাব্য ঝুঁকি এড়াতেই বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই নিরাপত্তার স্বার্থে বাইরে থেকে বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল, এবার ফিফা পুরো টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।

ফিফার এই হঠাৎ সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে তীব্র গরমে খেলা দেখা এবং পানির পর্যাপ্ততা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে; কারণ টুর্নামেন্ট চলাকালীন কিছু ভেন্যুর তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। তবে দর্শকদের এই উদ্বেগ দূর করতে এবং গরমের তীব্রতা কমাতে স্টেডিয়াম প্রাঙ্গণে ‘হাইড্রেশন স্টেশন’ (পানি পানের ব্যবস্থা)-সহ বিশেষ ব্যবস্থা রাখার আশ্বাস দিয়েছে ফিফা। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিটি আয়োজক শহরের কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে স্টেডিয়ামের চারপাশের এলাকায় কুয়াশা ছড়ানো বা মিস্টিং স্টেশন, ফ্যান, কুলিং টেন্ট (শীতলীকরণ তাবু) এবং পানি পানের স্টেশনের মতো বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হবে। 

এছাড়া স্টেডিয়ামের ভেতরে সাধারণ সময়ে যেভাবে বোতলজাত পানি বিক্রি হয়, এবার বিশ্বকাপে পানির মূল্য সেই একই রকম ও সামঞ্জস্যপূর্ণ রাখা হবে। অন্যদিকে স্টেডিয়ামের ভেতরের তাপমাত্রা যেমনই হোক না কেন, মাঠের খেলোয়াড়দের জন্য ম্যাচের প্রতি অর্ধে নির্দিষ্ট ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি বরাদ্দ থাকবে। উল্লেখ্য, ৪৮টি দলের অংশগ্রহণে বহুল প্রতীক্ষিত এই বিশ্বকাপ আসর আগামী ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ