ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
সারাদেশে শিগগিরই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ (মঙ্গলবার) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু হবে। এটি সফল করতে কাজ করছি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে জানানো হবে, ঠিক কবে থেকে এটি শুরু হচ্ছে।
আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই ঘণ্টা এসি বন্ধ থাকায় হাসপাতালের বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। তাহলে সেখান থেকে ছয় শিশুকে সরিয়ে ফেলা উচিত ছিল। যখন একটা বাচ্চাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরে ভালো হয়ে গেল, তখন বাকি বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত ছিল।
তিনি অভিযোগ করে বলেন, ছয় শিশু পরপর মারা গেল। আর কর্তৃপক্ষ সেই কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি। কোনো গুরুত্বই দেয়নি তারা।
এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া, দেশের পরিবর্তনের জন্য নিজেদের ভেতরেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রসঙ্গে তিনি বলেন, এই মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা হবে। এছাড়া, রোগীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।
আপনার মতামত লিখুন :