• ঢাকা
  • |
Alifhostbd

২৪ সালের ঘটনার কারণেই ২৬ সালে নির্বাচন হয়েছে: ডা. শফিকুর রহমান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ঘটনা না ঘটলে ২০২৬ সালে নির্বাচন হতো না।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘২৪ হয়েছিল বলেই ২৬ সালের নির্বাচন হয়েছে। ২৪ না হলে ২৬ সালে নির্বাচন হওয়ার কথা ছিল না।’ তিনি বলেন, ‘তাদের রক্তের বিনিময়েই আমরা সরকারি ও বিরোধীদল হয়েছি। আমি অনুরোধ করবো এসব শহীদদের কেউ যেন খাটো করে না দেখেন।’

জামায়াত আমির ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সহ বিভিন্ন সময়ের সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ২০২৪ সালের শহীদদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, একসময় এটি প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন এটি তার গৌরব হারিয়েছে এবং একসময় সন্ত্রাসের নগরীতে পরিণত হয়েছিল। ত্বকী হত্যার বিচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন করে কোনো গডফাদার তৈরি হোক তা চান না।

তিনি আরও বলেন, ‘আমরা চাই না আমাদের প্রিয় নারায়ণগঞ্জ অশান্তি ও চাঁদাবাজদের কবলে পড়ে থাকুক। ড্রেনের পানি দিয়ে যেমন অজু হবে না তেমনি ভালো মানুষ ছাড়া নারায়ণগঞ্জের উন্নয়ন হবে না।’ তিনি সৎ ও আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার কথা বলেন।

ডা. শফিকুর রহমান অনির্বাচিত প্রশাসকদের সরিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি ঘোষণা করেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরে প্রার্থী দেবে এবং আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে জনগণের সেবায় যোগ্য প্রার্থী দেওয়া হবে।

বাজেট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নেই। বাজেট দেওয়া ও বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। বিগত ১৫ বছরে এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল দাবি হলো সংখ্যাগরিষ্ঠের রায়কে সম্মান করা। যেহেতু প্রায় ৭০ শতাংশ জনগণ হ্যাঁ–এর পক্ষে ভোট দিয়েছে, তাই সরকারের উচিত এই গণভোটে উত্থাপিত সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ