• ঢাকা
  • |
Alifhostbd

নামকাওয়াস্তে 'জুলাই' পালন করলে হবে না: নাহিদ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে এনসিপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ঘোষণা অনুযায়ী বুধবার (১ জুলাই) সকালে দলটির নেতারা ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত করেন। এরপর নাহিদ ইসলাম এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের নিহতদের কবরস্থানগুলো যেন সংরক্ষণ করা হয় সেই তাগিদ দেন তিনি। জানান, আজ থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত, ৩৬ দিন সারাদেশে 'জুলাই' নিয়ে এনসিপির কার্যক্রম থাকবে।

তিনি বলেন, ‘আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান, ফাইয়াজ, রিয়াগোপসহ জুলাইয়ের প্রায় ১৪০০ শহীদকে। আমরা স্মরণ করছি আহত প্রায় ৩০০ জন জুলাই যোদ্ধাকে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নামা ছাত্রসমাজ পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘শ্রমিক, নিম্নবিত্ত মানুষ, নারী সমাজ, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে। প্রবাসী ভাই-বোনেরা, বিদেশি বন্ধুরাও আমাদের সহযোগিতা করেছে। সাবেক সেনা কর্মকর্তাসহ সেনাবাহিনীর তরুণ সদস্যরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন সবাইকে আমরা স্মরণ করছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যেন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দেবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।

মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া কারাদণ্ড নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তার মতে, ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া যথেষ্ট না। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে আশা করছেন তিনি।

সরকার ও ট্রাইবুনাল যেন জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার বিচার দ্রুত শেষ করে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করে, সেই কথাও বললেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারদের আর্থিক সহায়তা ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। কবরস্থান সংরক্ষণের পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি এটি দ্রুত করতে হবে।’

জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন এবং গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। এখনো আমরা সেই সংস্কার পাইনি।’

তিনি অভিযোগ করেন, ‘এই সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়নি। শুধু নামমাত্র পালন করলে হবে না, আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।’

আলোচিত শীর্ষ ১০ সংবাদ