• ঢাকা
  • |
Alifhostbd

গান্ধীর মূর্তির মুখ ঢাকল কালো কাপড়ে! উত্তাল পশ্চিমবঙ্গ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে স্টেশন বাজার এলাকায় স্থানীয়রা মূর্তিটি এমন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে প্রশাসন এসে কাপড় সরিয়ে ফেলে।

১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে একজন গৃহহীন ব্যক্তি মূর্তিটির মুখ ও হাতে কাপড় বেঁধে দিয়েছিলেন।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি অনিল দত্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অনিল দত্ত একে জঘন্য ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে ঘটনাটিকে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ মহাত্মা গান্ধীর মূর্তিকে লক্ষ্যবস্তু করা হলো। তিনি বলেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং যারা এ কাজ করেছে তারা মূলত নিজেদেরই মুখ ঢেকেছে। গান্ধীজির আদর্শ ও নীতি কখনো মুছে ফেলা সম্ভব নয় উল্লেখ করে তিনি প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার তদন্ত চালানো হচ্ছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আলোচিত শীর্ষ ১০ সংবাদ