• ঢাকা
  • |
Alifhostbd

কালও থাকবে আষাঢ়ের বৃষ্টি, রাজধানীর পথে পথে দুর্ভোগ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আষাঢ়ের শেষ সময়ে এসে গত গভীর রাত থেকে বৃষ্টি চলেছে। ভোরের দিকে ঝড়েছে মুষলধারে বৃষ্টি। বিরতিহীনভাবে আকাশে মেঘের গর্জন চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে অঝোরে ঝরছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক-অলিগলিতে কোথাও কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমন সমান পানি জমেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর রোববার (১২ জুলাই) সকালও থামেনি বৃষ্টি। এতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে বাসে উঠতে হুড়োহুড়ি, দীর্ঘ যানজট এবং ভিজে গন্তব্যে পৌঁছানোর ভোগান্তিতে নাকাল হয়েছেন নগরবাসী।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কালও ঢাকায় দিনভর থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝাররি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিরতিহীনভাবে ঝরা বৃষ্টিতে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, রামপুরা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ,আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, কালশী, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড়, কাঁলাচাদপুর, বারিধারা এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলগলিতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টি উপেক্ষা করে কাজ বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। শেষ আষাঢ়ের বৃষ্টিতে রাজধানী অলিগলিগুলোতে যেন লোকজনকে সাঁতার কাটতে হচ্ছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি ছিল ধীর। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে অনেকেরই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে।

সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ডগুলোতে ছাতা হাতে কিংবা ভিজা অবস্থায় যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। বাস এলেই আসন তো দূরের কথা, দাঁড়িয়ে যাওয়ার জন্যও শুরু হয় হুড়োহুড়ি। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের অনেককেই এ সময় বাড়তি দুর্ভোগে পড়তে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই পরিমাণ বৃষ্টি আগে হয়নি। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৯৭ মিলিমিটার। আবহাওয়া অফিস জানায়, আজ সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা এই বৃষ্টিতে নগরীর অসংখ্য সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ পথচারীরা। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান পানি জমে থাকায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাজারো মানুষকে।

বৃষ্টির কারণে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা যদিও খুবই কম, সঙ্গে গণপরিবহনও ছিল প্রায় অনুপস্থিত। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তাদের একজন আব্দুস সালাম। কারওয়ান বাজার থেকে জরুরি একটি কাজে গুলশানের উদ্দেশে রওনা হওয়া আব্দুস সালাম জানান, ভোর থেকেই ঝুম বৃষ্টি চলছিল, রাস্তায় মানুষ ও যানবাহন দুটোই ছিল খুব কম। কারওয়ান বাজার থেকে গুলশান আসার পথে একাধিক এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখেছি, যা স্বাভাবিক যাতায়াতকে রীতিমতো চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

বিজয় সরণি, তেজগাঁও হয়ে হাতিরঝিলের দিকে আসা সিএনজিচালক আনোয়ার হোসেনও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, আসার পথে একাধিক সড়ক ও অলিগলি পুরোপুরি পানিতে তলিয়ে থাকতে দেখেছি। আর জমে থাকা সেই পানিতে দু-একটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় চালকদের ঠেলে নিয়ে যেতেও দেখেছি। তবে সড়কে যানবাহনের চাপ, মানুষের ভিড় তেমন দেখা যায়নি। তবে যারা প্রয়োজনের তাগিদে বাইরে বেরিয়েছেন, তাদের প্রায় প্রত্যেককেই জলাবদ্ধতার ভোগান্তিতে পথ চলতে হচ্ছে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, রাতব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে নিরলসভাবে কাজ করছে ডিএনসিসি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ