যুক্তরাষ্ট্রে গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ জনকে খুন!
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত হয়েছে; যাদের মধ্যে সাতজনই হামলাকারীর নিজের সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় রবিবার (১৯ এপ্রিল) সকালে অঙ্গরাজ্যটির শ্রিভপোর্ট শহরের দুটি বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা অভিযানে ওই হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শ্রিভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বর্ডেলন জানান, হামলায় নিহত শিশুদের বয়স এক থেকে ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্ক দুজনের মধ্যে একজন সন্দেহভাজন ওই হামলাকারীর সন্তানদের মা।
পুলিশের এই মুখপাত্র আরও জানান, সন্দেহভাজন হামলাকারী শামার এলকিন্স অস্ত্রের মুখে একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও পুরোপুরি উদঘাটন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এটিকে ‘সম্পূর্ণ পারিবারিক বিরোধজনিত ঘটনা’ বলেই মনে করছে পুলিশ।
জানা গেছে, নিহত এলকিন্সকে এর আগে ২০১৯ সালেও আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। সূত্র: আলজাজিরা
আপনার মতামত লিখুন :