যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পৌঁছেছে
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। আজ শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৭ মে) রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছিল। মরদেহ বিমানে তোলার সময় বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
একই ঘটনায় নিহত অন্য শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়। এর আগে গত বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়। মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ নিহত দুই মেধাবী শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের পক্ষে কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন।
উল্লেখ্য, নিহত জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং ইউএসএফ-এর ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন।
গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :