এবার ওমানকে উড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের!
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতার মধ্যেই ওমানকে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে অনানুষ্ঠানিক মন্তব্যে তিনি বলেন, ওমান অন্য সবার মতো সঠিক আচরণ করতে ব্যর্থ হলে তাদেরকে ‘উড়িয়ে দেয়া’ হবে। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের আলোচনা চলছে, সম্প্রতি আঞ্চলিক এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এমন খবর প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেন।
তেহরান চায় যুক্তরাষ্ট্রের মিত্র ওমান যেন এই টোল আদায়ের ব্যবস্থাকে সমর্থন করে। এ প্রসঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলেন, তারা এটি নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু এই প্রণালি আন্তর্জাতিক জলসীমার অংশ। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) ট্রাম্প ঘোষণা দেন যে এই প্রণালী সবার জন্য খোলা থাকবে এবং কেউ এটি নিয়ন্ত্রণ করবে না; বরং যুক্তরাষ্ট্র এটি তদারকি ও নজরদারিতে রাখবে, যা তাদের আলোচনারই অংশ। ওমান প্রসঙ্গে তিনি যোগ করেন, তারা বিষয়টি বোঝে এবং তারা ঠিকই থাকবে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া এই গুরুত্বপূর্ণ নৌপথটি গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান অবরোধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা এই অবরোধের ফলে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এদিকে ইরানের সঙ্গে শান্তিচুক্তি করার জন্য ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তেহরান চুক্তি বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা করছে এবং আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তাকে ‘অপেক্ষায়’ রাখতে চায়। সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :