ঈদে নাড়ির টানে ছুটছেন নগরবাসী, চলবে ১০টি বিশেষ ট্রেন
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
ঈদযাত্রা শুরু হয়েছে আজ। শনিবার (২৩ মে) ঈদযাত্রার প্রথমদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মই এখন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর।
যাত্রীরা বলেন, ট্রেনে অগ্রিম টিকিট পেতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। তবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভোগান্তি রয়েছে।
সকাল ১০টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন ছেড়ে গেছে। তবে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যেতে সর্বনিম্ন ১৫ মিনিট থেকে ৩০ মিনিট বা তার বেশি সময় দেরি হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ রংপুরের উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশনে ছেড়ে গেছে ‘রংপুর এক্সপ্রেস’। এই ট্রেনটি ৯টা ১০ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও সাড়ে ৯টায় এটি ছেড়ে গেছে।
জামালপুরের উদ্দেশ্যে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলে ১০টা ১০ মিনিট পর্যন্ত এটি ছেড়ে যায়নি।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনে কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সমস্যার কথা শুনেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। এ সময় তিনি যাত্রীদের কাছে জানতে চান অনলাইনে টিকিট কাটতে কোনো সমস্যা হয় কিনা। এ ছাড়া যাত্রীরা নিজ আসনে বসে যেতে পারছেন কি না, তাও জানতে চান।
যাত্রীরা জানান, এখন পর্যন্ত খুব বেশি চাপ না থাকায় তাদের টিকিটে নির্ধারিত সিট পেতে সমস্যা হচ্ছে না। তবে, কয়েজন যাত্রী ট্রেনে সেবার মান উন্নয়নের দাবি জানান। তাদের কেউ কেউ ট্রেনে ফ্যান নষ্ট, সিট ভাঙা এবং টয়লেট নোংরা থাকার অভিযোগ করেন।
বাংলাদেশ রেলওয়ের ডিজি যাত্রীদের সমস্যা শুনে ধীরে ধীরে তা সমাধানের আশ্বাস দেন।
এর আগে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সরকার। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ শনিবার এবং আগামীকাল রোববার সরকারি দপ্তর খোলা থাকবে।
সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, এবারের ঈদযাত্রায় আমরা তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছি। ছাদে যাত্রী উঠা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ জোরদার করা হয়েছে । সার্বিকভাবে ভ্রাম্যমাণ আদালত ও পর্যবেক্ষণ টিমের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল রোববার (২৪ মে) থেকে ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্রেন চলাচল করবে। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এরপর ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন, অর্থাৎ ১ জুন পর্যন্ত ট্রেনগুলো পরিচালনা করা হবে। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।
শিডিউল অনুযায়ী, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৪টা ১০ মিনিটে। আর তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০টা ২০ মিনিটে।
শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধু ঈদের দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ভোর ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে। ট্রেন দুটি শুধু ঈদের দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায়। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে বেলা ১২টায় ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩টায়।
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। ঈদের আগে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত আড়াইটায়। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।
তবে ঈদের পর পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে রাত ১০টা ২০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
আপনার মতামত লিখুন :